শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল শুরু করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টা থেকে প্রশাসন ভবন-১ এর সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হাইকোর্ট না শাকসু, শাকসু, শাকসু’, ‘শাকসু নিয়ে টালবাহানা, মানি না-মানব না’, ‘হাদি ভাই শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’, ‘শাকসু চাই, শাকসু দাও, নয়তো গদি ছাইড়া দাও’ স্লোগান দেন।
স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, আজকের মধ্যেই ২১ তারিখে শাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা আসতে হবে। জাতীয় নির্বাচনের কারণে ২২ তারিখ থেকে শাকসু আয়োজনের সুযোগ নেই। তাই আজকে যদি চেম্বার শুনানি না হয়, তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।
ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির গণমাধ্যমকে বলেন, আমাদের আন্দোলন অব্যাহত আছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো অপশক্তি, কোনো পক্ষ শাকসুকে আটকাতে পারবে না।
উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বতন্ত্র এক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন উচ্চ আদালতের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। উচ্চ আদালতের স্থগিতাদেশের পর সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।