logo

শিগগিরই পিএইচডির অনুমতি পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়: ইউজিসি চেয়ারম্যান

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শিগগিরই পিএইচডির অনুমতি পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়: ইউজিসি চেয়ারম্যান
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউসিএসআই ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল। ছবি: ইউজিসি সূত্রে পাওয়া

প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে খুব শিগগির পিএইচডি প্রোগ্রাম পরিচালনার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষায় নতুন ও ভবিষ্যৎমুখী জ্ঞান ও দক্ষতার চাহিদা বিবেচনায় আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে একাডেমিক প্রোগ্রাম চালুর উদ্যোগকে উৎসাহিত করা হবে। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, রোবোটিকস, নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য উদীয়মান ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) ইউসিএসআই ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

ড. মামুন আহমেদ আরও বলেন, উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সম্পৃক্ত করতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

প্রস্তাবিত নীতিমালার আওতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্পন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি দেশের যোগ্য ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোকেও বিদেশে শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্মত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়টি প্রস্তাবিত নীতিমালায় বিবেচনা করা হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার গুণগত মান, একাডেমিক পরিবেশ, সুশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অনুমোদনপ্রাপ্ত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের মূল ক্যাম্পাসের মতোই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।