Advertisement

নতুন ভিসি পেল দেশের তিন বিশ্ববিদ্যালয়

এশিয়া পোস্ট প্রতিবেদক
নতুন ভিসি পেল দেশের তিন বিশ্ববিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়গুলো হলো: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোণা), হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ)।

সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। 'নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)'-এর বিধান অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি কিশোরগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।