logo

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় মুখে লাল কাপড় বেঁধে ছাত্রীদের মিছিল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাভার (ঢাকা)
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় মুখে লাল কাপড় বেঁধে ছাত্রীদের মিছিল
মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রশাসন এখনো অভিযুক্ত যুবককে শনাক্ত করতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা দফায় দফায় বিভিন্নভাবে আন্দোলন করছেন। এরই মধ্যে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে শনাক্ত এবং তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশে আন্দোলনকারী বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে।

কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় সবশেষ ক্যাম্পাস বন্ধ ঘোষণার আগের দিন মৌন মিছিল করেছেন নারী শিক্ষার্থীরা। বুধবার (২০ মে) বিকেলে নারী নিরাপত্তা মঞ্চের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল শুরু করেন তারা। মিছিলটি মুরাদ চত্তর, নতুন কলা ভবন হয়ে শহীদ মিনারের চারপাশের সড়ক ঘুরে শেষ হয়।

পরে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে লিখিত বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী অদ্রিজা দাস। এ সময় অবিলম্বে আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

এর আগে আসামির পরিচয় শনাক্ত ও তদন্ত কমিটির প্রতিবেদনের অগ্রগতির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোনো অগ্রগতি জানাতে পারেননি উপাচার্য। তারা বলেন, ঈদের ছুটি হওয়ার আগে প্রতিকারমূলক দাবি দুটির নিষ্পত্তি চাই। ক্যাম্পাস বন্ধ শেষে ফিরে এসে যেন একটি নিরাপদ ক্যাম্পাস পাই, সেই নিশ্চয়তার জন্য কাঠামোগত সংস্কারে প্রশাসনের সঙ্গে গঠনমূলক আলোচনা এগিয়ে নিতে চাই। পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত ও সকল নিপীড়নের ঘটনার বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণাও দেন তারা।

তবে পরে কর্মসূচির বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানাননি আন্দোলনরত নারী শিক্ষার্থীরা।