logo

বিইউবিটিতে তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত

বিইউবিটিতে তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অতিথি ও বিজয়ীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে ‘তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’ এর জাতীয় পর্ব।

শনিবার (১৬ মে) সকালে ভেন্যু রিপোর্টিং ও নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর অঞ্চলসহ সারা দেশের কয়েকশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দিনভর এই আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ এবং বিভিন্ন বিশ্লেষণধর্মী ও প্রশ্নোত্তর কার্যক্রম।

আয়োজকরা জানান, দিনব্যাপী আয়োজনে ‘এআই কুইজ’, ‘এআই কোডিং কনটেস্ট’-সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেন। এ ছাড়া অভিভাবকদের জন্যও বিশেষ মজার সেগমেন্টের আয়োজন ছিল—যা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে।

বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি বর্তমান বিশ্বের অন্যতম চালিকাশক্তি। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের প্রযুক্তি খাতকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিয়ে যাবে।

বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান এবং বিইউবিটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান।

মুনির হাসান বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম মেধায় ও সম্ভাবনায় কোনো অংশে পিছিয়ে নেই। এআই অলিম্পিয়াডের মতো প্ল্যাটফর্ম তাদের সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দিচ্ছে। আমরা চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তির মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরুক।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুইজ ক্যাটাগরিতে ১৪ জন ও এআই চ্যালেঞ্জ ক্যাটাগরিতে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। এ ছাড়াও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘জাদু পিসি’র পক্ষ থেকে এআই কনটেস্ট ক্যাটাগরির চ্যাম্পিয়নকে কম্পিউটার দেওয়া হয়।

আয়োজক সংস্থা বিডিওএসএন জানায়, জাতীয় পর্বের সফল সমাপ্তি এআইয়ের প্রতি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার আগ্রহ আরও বৃদ্ধি পাবে। আজকের জাতীয় পর্বের বিজয়ীরা পরবর্তীতে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (আইওএআই) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

এবারের আসরের প্লাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে স্পনসর হিসেবে রয়েছে REVE Chat, ব্রেইন স্টেশন ২৩, মিলিয়ন এক্স বাংলাদেশ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং বিটনা। সহযোগিতায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি-ডিইউ)। টিভি পার্টনার দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডটকম ও জাদুপিসি যুক্ত রয়েছে।