এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবে জরুরি নির্দেশনা

চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবে এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলের বাইরে অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা গেছে যে, অভিভাবকরা তাদের সন্তানদের কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অবস্থান করেন। তবে অধিকাংশ কেন্দ্রে অভিভাবকদের জন্য নির্দিষ্ট কোনো অপেক্ষমাণ শেড বা বসার জায়গা না থাকায় রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের অত্যন্ত কষ্টকর পরিবেশে অবস্থান করতে হয়। এমতাবস্থায়, অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে প্রতিটি কেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেডসহ প্রয়োজনীয়সংখ্যক চেয়ার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনেক কেন্দ্রে স্বেচ্ছাসেবক না থাকায় অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে এবং কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োগের জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সব কেন্দ্র সচিবদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়েছে। এ ছাড়া বিষয়টি তদারকির জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।





