নিম্নমানের বই সরবরাহকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

নিম্নমানের বই সরবরাহকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল মিলন। তিনি বলেছেন, পাঠ্যবইয়ের মানের সঙ্গ কোনো আপস করা হবে না। ইতোমধ্যে যেসব নিম্নমানের বই পাওয়া গেছে সেগুলো বাতিল ও নষ্ট করা হয়েছে।’
শনিবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ন ম এহছানুল মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী চান দেশীয় মুদ্রণশিল্প গড়ে উঠুক। তাই বিদেশি কোনো কোম্পানিকে মুদ্রণের কাজ দেওয়া হয়নি। আমরা পূর্বেও সময় মতো গুণগত মানের বই ছাপাতে পেরেছি। আশা করি, আগামীতেও পারব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ১৫০টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালু করা রয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি সারা দেশে বিস্তৃত করা হবে।’
এ সময় চতুর্থ শ্রেণিতে স্পোর্টস ও কালচারাল বই অন্তর্ভুক্তির কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালু করা হবে।’