আমি গালি দিলেই সেটা নিয়ে ভিকটিম কার্ড খেলবা, প্রশ্ন আম্মারের

শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসু নেতাদের মারধরের ঘটনায় ফেসবুকে একটি পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমার সহযোদ্ধাদের মারবা আর আমি গালি দিলেই সেটা নিয়ে ভিকটিম কার্ড খেলবা?
তিনি আরও লিখেছেন, হাসিনারে খুনি, টুঙ্গিপাড়ার ডাইনি, ভারতের দালাল, স্বৈরাচার বলা যখন শুরু করছিলাম তখন আমাদের সহযোদ্ধাদের গায়ে হাত তোলা শুরু হয়েছিল। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দেওয়া আরেক ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার লিখেছেন, এখন যদি বলি এই পুরো অস্থিতিশীল পরিবেশের জন্য তারেক সাহেব দায়ী? বিএনপি, যুবদল, ছাত্রদল তারেক সাহেবকে তাদের দলের পলিটিক্যাল নবীর মতো দেখে। তার মুখের একটি কথা সারা দেশের সমর্থকদের কাছে বেদবাক্যের মতো।
‘নির্বাচনি প্রচারণার সময় তারেক সাহেব এই ‘গুপ্ত’ বিষয়টি তার মুখ দিয়ে বের করে জামায়াত-শিবিরবিরোধী বিদ্বেষের জন্ম দিয়েছেন। হাসিনার মুখে ‘রাজাকার’ শব্দটি তার পতন ডেকে এনেছে। তারেক সাহেব আপনার ‘গুপ্ত’ শব্দটিও সারা দেশে সহিংসতার জন্ম দিচ্ছে। এ শব্দটাই আপনার পতনের কারণ হতে পারে।’