পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসুর) নেতা সর্বমিত্র চাকমা নানা সমালোচনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে একটি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা চাইছে না আমি পদত্যাগ করি। আমার পদত্যাগের সিদ্ধান্তকে তারা গণবিরোধী আখ্যায়িত করছেন। তাই এভাবে পদত্যাগ করলে তাদের সঙ্গে প্রতারণা করা হবে।
সর্বমিত্রের পদত্যাগের সিদ্ধান্ত গঠনতন্ত্রের কোন ধারার পরিপন্থি কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি কোনো ধারায় আছে কিনা আমার জানা নেই।
উল্লেখ্য, সম্প্রতি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষা কেন্দ্র) তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হলে সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন সর্বমিত্র চাকমা।
এর আগে বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। আরেক পোস্টে তিনি লেখেন, এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি, এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।