শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করছে সরকার

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং (ব্যবস্থাপনা) কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য জারি করা পরিপত্রের নির্ধারিত ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করতে যাচ্ছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ সংক্রান্ত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে সভাপতির শিক্ষাগত যোগ্যতা আগের নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা থাকবে না। একই সঙ্গে গভর্নিং বডি গঠনে সংসদ সদস্যদের ক্ষমতাও থাকবে না।
সভা সূত্রে গণমাধ্যমকে জানায়, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
এর আগে ২০২৪ সালের মে মাসে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ প্রণয়ন করা হয়েছিল।
তাতে বলা ছিল, ওই প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা বিষয়ে বলা হয়েছিল, এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না। পরে ২০২৫ সালের ৩১ আগস্ট প্রবিধানমালা সংশোধন করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে গেজেট জারি করেছিল অন্তর্বর্তী সরকার।