আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। একই প্রতিযোগিতায় নারী দলগত বিভাগে চতুর্থ হয়েছেন আইইউবির শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১৭৪ জন পুরুষ ও ৩৬ জন নারী খেলোয়াড় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয় পর্যায়ের র্যাংকিংপ্রাপ্ত খেলোয়াড়ও ছিলেন।
এলিট পর্যায়ের পুরুষ দলগত ফাইনালে আইইউবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়। এর আগে সেমিফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কোয়ার্টার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে তারা। চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফির পাশাপাশি ১৫ হাজার টাকা প্রাইজমানি পায় তারা।
আইইউবির পুরুষ দলের সদস্য ছিলেন রামহিমলিয়ান বম, রিফাত মাহমুদ সাব্বির, মো. তালহা, তালুকদার মো. আব্দুল্লাহ এবং মোহাম্মদ জুবাইর খান প্রিতম।
নারী এককের এলিট শ্রেণিতে আইইউবির শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন চতুর্থ স্থান অর্জন করেন। এই ইভেন্টে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল তুরাগ অ্যাকটিভ। আইইউবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান এবং মো. কামরুজ্জামান। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সমন্বয়ে করে আইইউবির ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা)।