logo

গৌরব-ঐতিহ্যের ৪ বছর পেরিয়ে ৫ম বর্ষে ‘সোকসাস’

গৌরব-ঐতিহ্যের ৪ বছর পেরিয়ে ৫ম বর্ষে ‘সোকসাস’
ছবি: সংগৃহীত

গৌরব, ঐতিহ্য ও সাংবাদিকতার দায়বদ্ধতার পথচলায় নতুন এক মাইলফলক স্পর্শ করল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সংগঠনটি বুধবার (১৩ মে) আনুষ্ঠানিকভাবে ৫ম বর্ষে পদার্পণ করেছে।

সকালে কলেজের সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং সমাজের আয়না। সোকসাস গত চার বছরে নিজেদের যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বড় বড় গণমাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে মানবিকতা ও সততার সাথে এগিয়ে যাবে। তিনি বিশেষ করে হলুদ সাংবাদিকতা পরিহার করে প্রকৃত সত্য অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন, একটি কলেজের সাংবাদিক সংগঠন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের বড় প্ল্যাটফর্ম। দেশপ্রেম ও দায়িত্ববোধ থেকে তোমাদের সাংবাদিকতা করতে হবে।

সোকসাস সভাপতি আমিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আবেগের। সোকসাস সবসময় শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ঐক্য, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক নিজাম উদ্দিন, সমিতির সহসভাপতি লিখন হোসেন, সাধারণ সম্পাদক আবিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রহিমা বেগম স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহরিয়ার আজিম, প্রচার সম্পাদক ফাহেদ জামান, অর্থ সম্পাদক পলাশ মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য আল আমিন মোহসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

২০২২ সালের ১৩ মে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ ও ফটোসেশনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।