দলাদলি বন্ধ করুন, নতুবা শিক্ষকতা ছেড়ে দিন: উপাচার্য

শিক্ষকদের দলাদলি ও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার পরিবেশ উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেছেন, দলাদলি বন্ধ করুন, নতুবা শিক্ষকতা ছেড়ে দিন। শিক্ষকতা শুধু জীবিকার পেশা নয়, এটি সম্মান ও দায়িত্বের জায়গা। এই পেশার মর্যাদা রক্ষা করতে না পারলে শিক্ষকতার পরিচয় ব্যবহার করে বিভাজন বা দলাদলিতে জড়ানো উচিত নয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা জেলা পর্যায়ে ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে তেজগাঁও কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা জেলার ২৫টি কলেজের ৩৫৭ জন শিক্ষার্থী গান, নৃত্য, কবিতা, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
শিক্ষকতা পেশার মর্যাদার কথা তুলে ধরে ড. আমানুল্লাহ বলেন, অর্থবিত্তের চেয়ে সম্মান ও মানুষের জন্য কাজ করার সুযোগকে গুরুত্ব দিয়েই অনেকে শিক্ষকতা পেশায় আসেন। বিশ্বের বিভিন্ন জায়গায় বেশি আয়ের সুযোগ ও মর্যাদাপূর্ণ পদ থাকলেও দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় থেকে অনেকে শিক্ষকতাকে বেছে নেন। তাই এই পেশার সঙ্গে যুক্ত হওয়ার পর এর সম্মান ও মর্যাদা রক্ষা করা প্রত্যেক শিক্ষকের দায়িত্ব।
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের মিডিয়া অ্যান্ড থিয়েটার স্ট্যাডিজের সহকারী অধ্যাপক নওরীন সাজ্জাদ।
