ঢাবিতে প্রথম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের আপডেট রাখতে হবে। দক্ষ মানবসম্পদ এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বাংলা ভাষার পাশাপাশি যে কোনো একটি বিদেশি ভাষায় পারদর্শী হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমার সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। সময় ও সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের যথাযথভাবে প্রস্তুত করতে হবে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।