বৃষ্টির মধ্যেও রাজুতে অনশনে সংহতি জানাচ্ছেন ভিপি সাদিক কায়েম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম অনশনে বসেন। পরে তার সঙ্গে যোগ দেন আরও শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাতে রাজু ভাস্কর্যে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। রাত ১২টার সময় বৃষ্টির মধ্যেও তাকে অনশনরত শিক্ষার্থীদের পাশে থাকতে দেখা যায়।
এসময় সাদিক কায়েমসহ অন্যান্যরা ‘গণভোটের গণ রায়, মানতে হবে মেনে নাও’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ক্ষতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না আজদী, আজাদী আজাদী’ ইত্যাদি স্লোগান দেন।
সাদিক কায়েম বলেন, আমরা দেখতে পাচ্ছি, সেই হাসিনার কাঠামোতে রাষ্ট্রকে তারা ফিরিয়ে নিয়ে যেতে চায়। আবার আয়না ঘর, আবার মানবাধিকার হরণ- সেই প্রকল্পে তারা ফিরে যেতে চায়। আজ যারা মন্ত্রী হয়েছে তারা গত ১৬ বছর ধরে বলে আসছিল, মুজিবাদী সংবিধান তারা ছুঁড়ে ফেলবে। কিন্তু আমরা সেই তাদেরকে আবার ফ্যাসিবাদী সংবিধানের প্রতি দরদ দেখাতে দেখছি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথাও উল্লেখ করেন।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন ডাকসু ভিপি। পোস্টে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মুনেম, সাকিবুর রহমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহীন আজ রাজু ভাস্কর্যে আমরণ অনশনে। গণভোটের রায় রক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে দাবি তারা তুলেছে, তা কেবল তাদের একার নয়; বরং প্রতিটি ক্ষুব্ধ নাগরিকের অভিব্যক্তির বহিঃপ্রকাশ।
ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আক্ষেপ আর ক্ষোভ এখানে যে, জনগণের ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হচ্ছে! জুলাইয়ের রাজপথ ও ফ্যাসিবাদবিরোধী লড়াই আমাদের শিখিয়েছে আপস না করা। হাজারো শাহাদাতের বিনিময়ে যে ‘নতুন বাংলাদেশ’ আমরা পেয়েছি, তার স্পিরিটকে কোনোভাবেই ধূলিস্যাৎ হতে দেওয়া যায় না।
শেষে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সাদিক কায়েম বলেন, সাদিক, মুনেমসহ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ডাকসুর পক্ষ থেকে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ইনশাআল্লাহ, এই ত্যাগ আর লড়াই বৃথা যাবে না।


