logo

দখল ও ভয়ের ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে: ইসলামী ছাত্র আন্দোলন  

দখল ও ভয়ের ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে: ইসলামী ছাত্র আন্দোলন  

অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা ছাত্রসমাজের শক্তিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আবারও দখল ও ভয়ের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী পদযাত্রা পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

মুনতাছির আহমাদ বলেন, বিশ্বের নানাপ্রান্তে আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুদ্ধ চলছে আর বাংলাদেশে চলছে ছাত্রদল-ছাত্রশিবিরের যুদ্ধ। ফ্যাসিবাদী মানসিকতা ও পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের নোংরা প্রতিযোগিতায় শিক্ষাঙ্গনের পরিবেশ কলুষিত হচ্ছে। যে রাজপথে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ সেই শক্তিকেই ভিন্ন খাতে প্রবাহিত করে আবারও দখল ও ভীতির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

ছাত্রদল-ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে জুলাই অভ্যুত্থান-পরবর্তী নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের যে অঙ্গীকার করেছিল, তা ভঙ্গ করেছে জানিয়ে তিনি বলেন, যেভাবে তারা নিজেদের মধ্যে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এবং ছাত্রলীগ কর্তৃক সৃষ্ট বিগত প্রায় ১৭ বছর অন্যায়ভাবে নির্যাতনের স্বীকার হয়েছে, সেভাবেই তারা পুনরায় সেই ত্রাসের রাজনীতি সৃষ্টি করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।

তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠান একটি জাতির বিবেক গঠনের কারখানা। এখান থেকেই গড়ে ওঠে আগামী দিনের নেতৃত্ব, মূল্যবোধ ও মানবিকতা। 

ছাত্র রাজনীতির মোড়কে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তারা ক্যাম্পাসকে শিক্ষার কেন্দ্র থেকে সন্ত্রাসের ঘাঁটিতে রূপান্তরের অপচেষ্টায় লিপ্ত, বলছেন ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি। 

মুনতাছির আহমাদ জানান, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও জ্ঞানচর্চার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনতে ইসলামী ছাত্র আন্দোলন সবসময় আপসহীন অবস্থানে থাকবে এবং প্রয়োজনে রাজপথে থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে।

শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায় ইসলামী ছাত্র আন্দোলন। একইসঙ্গে তারা সব ছাত্রসংগঠনকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুস্থ, সহনশীল, সহাবস্থানপূর্ণ, কল্যাণমুখী ছাত্র রাজনীতি চর্চা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

আগামী রোববার (২৬ এপ্রিল) দেশব্যাপী সব ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন ছাত্রনেতারা।