মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলমান বদলি কার্যক্রম শেষ হওয়ার পর মিউচুয়াল ট্রান্সফারের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) মাউশির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি কার্যক্রম চলছে। এ কার্যক্রম শেষ হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে মিউচুয়াল ট্রান্সফারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর পারস্পরিক বদলিতে আগ্রহী শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে।
আবেদন যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ দেওয়া হবে।
মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলমান বদলি কার্যক্রম শেষ হলেই দ্রুত মিউচুয়াল ট্রান্সফার কার্যক্রম শুরু করা হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের হাতে লিখে আবেদন করতে হবে।
তবে আবেদন কোথায় জমা দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আবেদন মাউশির মাধ্যমে নেওয়া হবে, নাকি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে গ্রহণ করা হবে—এ বিষয়ে পরবর্তী সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।



