দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না

কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় নিবন্ধনের সময় শিক্ষার্থীদের জন্মসাল সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়া পর্যায়ে নিবন্ধনকালীন জন্মসালের সঙ্গে অভিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংস্থার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়ার নিবন্ধনের সময় একজন শিক্ষার্থীর যে জন্মসাল উল্লিখিত হবে, দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) নিবন্ধনেও সেই একই জন্মসাল বহাল থাকবে। দাওরায়ে হাদিসের নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর জন্মসাল পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না, এমনকি দাওরায়ে হাদিস পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও এই জন্মসাল অপরিবর্তিত থাকবে বলে সভায় জানানো হয়।
নতুন এই বিধান ১৪৪৯ হিজরি শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব বোর্ড, দাওরায়ে হাদিস মাদ্রাসা ও শিক্ষার্থীদের বিশেষভাবে অবহিত করা হচ্ছে বলে জানায় আল-হাইয়াতুল উলয়া।


