ডিপ্লোমা পরীক্ষা শুরু ৬ আগস্ট

এশিয়া পোস্ট নিউজ
ডিপ্লোমা পরীক্ষা শুরু ৬ আগস্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০২৫ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ (ডিপ্লোমা শাখা) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়, আগামী ৬ আগস্ট থেকে ২০১৬ প্রবিধানভুক্ত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পঞ্চম ও সপ্তম পর্বের নিয়মিত, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্বের অকৃতকার্য বিষয় এবং অষ্টম পর্বের অনিয়মিত পরীক্ষা শুরু হবে। এ ছাড়া এইচএসসি (বিজ্ঞান) থেকে সরাসরি তৃতীয় পর্ব এবং এইচএসসি (ভোকেশনাল) থেকে সরাসরি চতুর্থ পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মেকআপ বিষয় ও অ্যালাইড গ্রুপের মেকআপ বিষয়ের পরীক্ষা একই সূচি অনুযায়ী নেওয়া হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোকে ব্যবহারিক পরীক্ষার জন্য আগাম কর্মপরিকল্পনা প্রণয়ন, ল্যাব প্রস্তুত, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল নিশ্চিত করাসহ আভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষা সাধারণত প্রতিদিন চারটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ২৫ থেকে ৩০ জন পরীক্ষার্থী অংশ নিতে পারবেন। ব্যবহারিক পরীক্ষা জব, জব রিপোর্ট ও মৌখিক অংশের মান বণ্টন উল্লেখসহ প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা গ্রহণ করতে হবে এবং পরীক্ষা গ্রহণের নথি সংরক্ষণ করতে হবে।

ডিপ্লোমা পরীক্ষার সময়সূচি

এ ছাড়া প্রতিটি ল্যাব বা ওয়ার্কশপে সচল সিসিটিভি বা আইপি ক্যামেরা সংযুক্ত করতে হবে। পরীক্ষা চলাকালে বোর্ড থেকে সংশ্লিষ্ট ল্যাব বা ওয়ার্কশপের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখতে হবে।