এবার চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এবার চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাত ১টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনা এবং জেলা প্রশাসকদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো।

এতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো বাদে দেশের অন্য সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আমিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের কথা জানানো হলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এখন পুরো চট্টগ্রাম বোর্ডের সব জেলার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।