বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী

বিচার বিভাগের আওতাধীন বিচারকদের জন্য যেমন পৃথক পে-স্কেল বা বেতন কাঠামো রয়েছে, তেমনি শিক্ষকদের জন্যও আগামীতে আলাদা পে-স্কেল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ১১ বছর পর নতুন পে-স্কেল হতে যাচ্ছে। নতুন বেতন কাঠামোতে মূল্যস্ফীতির সঙ্গে যথাযথ সমন্বয় হয়নি। এটা নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। তারপরও ভবিষ্যতে বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে-স্কেল করা নিয়ে চিন্তাভাবনা আছে। সেটি করা হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পে-স্কেল ১১ বছর পর হতে যাচ্ছে। হঠাৎ করে এটি কিন্তু ইনফ্লেশনের (মূল্যস্ফীতি) সঙ্গে অ্যাডজাস্টমেন্ট (সমন্বয়) হয়নি। এ উপলব্ধি প্রধানমন্ত্রীর ছিল এবং আমরা ক্যাবিনেট মিটিংয়েও তা দেখেছি। সেই জায়গা থেকে আমরা আগামী দিনের চিন্তা করছি। যেভাবে বিচার বিভাগে আলাদা পে-স্কেল রয়েছে, তেমনিভাবে আমরাও শিক্ষকদের জন্য একটি চিন্তাভাবনা করছি। সেটা এত অল্পসময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া একটি রাজনৈতিক সরকার পারছে না; এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা ধীরে ধীরে সেদিকে এগোব।
মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের জন্য একটি ‘সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা’ প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে। সরকারের এই নীতিগত উদ্যোগকে দেশের শিক্ষকসমাজ অত্যন্ত ইতিবাচক ও ভালোভাবে দেখছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।



