logo

ইউল্যাবে সফলভাবে সম্পন্ন হলো এআই কর্মশালা

ইউল্যাবে সফলভাবে সম্পন্ন হলো এআই কর্মশালা

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগের উদ্যোগে এবং সিঙ্গাপুর ও হংকংভিত্তিক এআই প্ল্যাটফর্ম FeiHang Tech-এর সহযোগিতায় আয়োজিত AI-Powered Web App Creation Workshop ‘Creativity Meets AI’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মশালায় প্রায় ২০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত এই কর্মশালায় ইউল্যাবের বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে হাতে-কলমে শেখার সুযোগ পান। কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক জুড উইলিয়াম আর. হেনিলো, পিএইচডি, ভারপ্রাপ্ত উপাচার্য, ইউল্যাব।

কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্ভাবনা, ভবিষ্যৎ কর্মজগতে এর প্রভাব এবং বাস্তব জীবনের সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওয়েব অ্যাপ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সামাজিক সমস্যা, উৎপাদনশীলতা এবং সৃজনশীল চিন্তাকে কেন্দ্র করে নিজেদের তৈরি AI-powered ওয়েব অ্যাপ উপস্থাপন করেন।

এ ছাড়া কর্মশালায় FeiHang Tech-এর আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটি সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

এই কর্মশালাটি শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিনির্ভর চিন্তাধারা, উদ্ভাবনী দক্ষতা এবং বৈশ্বিক সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহানাজ হুসনে জাহানের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।