ইএফটিতে বিল সাবমিট নিয়ে স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২০২৬ মাসের এমপিও এর অর্থ ইএফটি-তে প্রেরণের লক্ষ্যে বিল সাবমিট সংক্রান্ত বিষয়ে সারাদেশের স্কুল-কলেজের জন্য নির্দেশনা জারি করা হয়েছে।
মাউশি মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত হয়ে নির্দেশনা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নির্দেশনায় বলা হয়, মাউশি অধিদপ্তর অধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটি-তে প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটি-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটি-তে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।
আরও বলা হয়, অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক/কর্মচারী অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন।
নির্দেশনায় আগামী ২০ অক্টোবরের মধ্যে অক্টোবর-২০২৬ মাসের এমপিও বিল সাবমিট করার জন্য প্রতিষ্ঠানদের অনুরোধ করা হয়।
