ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মানজুর, সাধারণ সম্পাদক লিটন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানজুর হোসাইন মাহি এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ৫০ মিনিট হতে দুপুর ২টা ৫০ মিনিট পযর্ন্ত ভোট প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার ডুজার সাবেক সভাপতি এবং গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, খুব চমৎকার একটি পরিবেশে এবং সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সদস্য সংখ্যা ৪১ জন। ভোট প্রদান করেছেন ৪১ জন অর্থাৎ হান্ড্রেট পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ১০ জন সদস্য অনলাইনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছে। বাকি ৩১ জন সরাসরি ভোট প্রদান করেছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—অর্থ সম্পাদক নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার), দপ্তর সম্পাদক এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত উদ্দীন (দৈনিক জনকণ্ঠ) এবং সহসভাপতি মাহাথীর মোহাম্মদ (ডেইলি স্টার)।
কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ), মো. সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) এবং মো. বোরহান উদ্দিন (চ্যানেল ২৪)।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, ডুজার সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদূর রহমান, ডুজার বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান।