logo

সাময়িক বেতন-ভাতা বন্ধ মাদ্রাসার ৮ শিক্ষকের

সাময়িক বেতন-ভাতা বন্ধ মাদ্রাসার ৮ শিক্ষকের
ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

জাল স্বাক্ষর, জাল চিঠি প্রস্তুতসহ নানা অভিযোগে পাঁচটি মাদ্রাসার আট শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নোটিশে তাদের বেতন-ভাতা সাময়িক বন্ধসহ কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে জাল স্বাক্ষর, জাল চিঠি প্রস্তুত, ভুয়া নিয়োগ বোর্ড গঠনপূর্বক ফলাফল শিট প্রণয়ন, মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলনসহ নানা অভিযোগ আছে।

শোকজ পাওয়া শিক্ষকরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর আলম, ভোলার তজুমদ্দিন উপজেলাধীন মো. ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন, কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন সোনারীপাড়া মীম ছীন বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. ইস্কেন্দার মির্জা।

এ ছাড়া নওগাঁর আত্রাই উপজেলাধীন মস্কিপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মো. আফতাব উদ্দীন এবং সহকারী মৌলভি মো. জহরুল ইসলাম এবং মো. আখতার হোসেন এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন হাড়াভাঙ্গা ডি এইচ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক ও সহকারী মৌলভি শামছিয়া খাতুন।