অনুমোদন ছাড়া ফল প্রকাশ, সাময়িক বরখাস্ত হলেন সেই কর্মকর্তা

এশিয়া পোস্ট প্রতিবেদক
অনুমোদন ছাড়া ফল প্রকাশ, সাময়িক বরখাস্ত হলেন সেই কর্মকর্তা
ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং নিরাপত্তা প্রটোকল অমান্য করে ওয়েব পোর্টালে আপলোড করার দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অদাচরণের অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এই আদেশ ৯ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. মেহতাব কায়েস ফলাফল প্রকাশের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ না করে সময়ের আগেই ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করেছিলেন। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

গতকাল ডিপিই মহাপরিচালক ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠিয়েছিলেন। আজ আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হলো।