logo

ভাতাসহ অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

ভাতাসহ অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
অস্ট্রেলিয়ায় সিডনি। ছবি: ইউএনবি

স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়। ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’-এর আওতায় বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশিসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য আবেদন প্রক্রিয়া উন্মুক্ত রয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১ অক্টোবর ২০২৬।

১৮৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া তাসমানিয়া বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার চতুর্থ প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্বমানের অত্যাধুনিক গবেষণা সুবিধা ও উদ্ভাবনী প্রকল্পের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রতিষ্ঠানটি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ ২ শতাংশের মধ্যে রয়েছে।

এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য, ব্যবসা, সৃজনশীল শিল্প, আইন এবং শিক্ষাসহ বিভিন্ন উদীয়মান বিষয়ে গবেষণার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

উপবৃত্তি: নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি বছর ৩৪,৩১৫ অস্ট্রেলিয়ান ডলার ভাতা হিসেবে দেওয়া হবে।

স্থানান্তর অনুদান: আন্তর্জাতিক শিক্ষার্থীদের এককালীন ২,০০০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর অনুদান হিসেবে দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • স্নাতকোত্তরে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে উত্তীর্ণ হতে হবে এবং পিএইচডির ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • প্রার্থীর চমৎকার একাডেমিক ফলাফল ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা (IELTS/TOEFL ইত্যাদি) থাকতে হবে।
  • গবেষণায় পূর্ব অভিজ্ঞতা ও শক্তিশালী একাডেমিক ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক।
  • বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণা ক্ষেত্রের সঙ্গে যাদের প্রস্তাবনা মিলবে, তারা অগ্রাধিকার পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইনে আবেদনের সময় নিম্নলিখিত নথিগুলো জমা দিতে হবে—

১. সুনির্দিষ্ট গবেষণা প্রস্তাবনা (Research Proposal)

২. জীবনবৃত্তান্ত (CV)

৩. দুজন রেফারির যোগাযোগের তথ্য

৪. সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট

৫. ইংরেজি ভাষা দক্ষতার সনদ

৬. পাসপোর্টের রঙিন কপি

৭. সুপারভাইজারি সাপোর্ট ফরম

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রদ্বীদের প্রথমে নিজস্ব গবেষণার আগ্রহ ও দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্রকল্প নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট সুপারভাইজারি টিমের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ অক্টোবর ২০২৬

বিস্তারিত জানতে ও আবেদন করতে: ক্লিক করুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।