ঢাবিতে তদন্ত কমিটি গঠন, দেয়াল লিখন থেকে বিরত থাকার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় হলের ভেতরে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সদস্য সচিব জাওয়াদ ইবনে ফরিদ এবং আইসিটি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান।
তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখা জরুরি।