logo

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ
ছবি : এশিয়া পোস্ট কোলাজ

দেশের ৮৬টি বেসরকারি ডিপ্লোমা পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন ও স্বীকৃতি বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। গত তিন বছর কোনো শিক্ষার্থী ভর্তি না করায় এগুলোর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান।

সোমবার (৫ অক্টোবর) সংশ্লিষ্ট ৮৬টি প্রতিষ্ঠানকে শোকজ বা তাগিদপত্র পাঠিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এতে আগামী ১৬ অক্টোবরের মধ্যে কেন তাদের পাঠদান অনুমোদন বা স্বীকৃতি প্রত্যাহার করা হবে না, তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম স্থগিত করা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনুমোদন চূড়ান্তভাবে বাতিল করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তাগিদপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলাম।

এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালার ৪.৪ অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে নির্ধারিত অবকাঠামো, ফলাফল, শিক্ষক-কর্মচারী নিয়োগসহ অন্যান্য শর্ত পূরণ করা বাধ্যতামূলক। এসব শর্ত পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করার এখতিয়ার বোর্ডের রয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, অনুমোদনের শর্তাবলিতে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে পরপর তিন বছর কোনো শিক্ষার্থী ভর্তি না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল করা হবে।

বোর্ডের সংযুক্ত তালিকা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন জেলার ৮৬টি বেসরকারি পলিটেকনিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।

কারিগরি শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, শিক্ষার্থী-সংকটে থাকা এসব প্রতিষ্ঠানে বছরের পর বছর নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এ অবস্থায় নীতিমালায় নির্ধারিত শর্ত অনুযায়ী এমন উদ্যোগ নিয়েছে বোর্ড।