২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি বা সমমানের পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করায় আলোচনা-সমালোচনা আছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রয়োজন হলে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসে নতুন তারিখ নির্ধারণ হবে।
তিনি বলেন, পরীক্ষার সময় এগিয়ে আনাতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে।
তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইকে করতে। তবে ৭ তারিখে শেষ হবে রোজার জন্য। না হলে রোজার পরে চলে যায়। এখন সবাই বলছে রোজার পরে শেষ করতে। আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে। মানুষের মতামত কারিকুলাম ও সিলেবাস কাভার হতে হবে। উইথআউট সিলেবাস এক্সাম হতে পারে না।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা অংশীজনদের সঙ্গে আলোচনা করেই কাজ করছি। সবার মতামত নেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষা নিয়ে পাবলিক ওপিনিয়ন নিতে ফের বসতে পারি। রোজার কারণে এক মাস এগিয়ে আসছে পরীক্ষা।
এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরুর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
