চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছেন ‘মাউশির নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদ’-এর সদস্য সচিব জাকারিয়া।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তিনি। এর আগে একই দাবিতে রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় ঘেরাও, অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন চূড়ান্ত ফলাফল প্রত্যাশীরা।
গত রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ভাইভা পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন মাউশির নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি জোবায়ের আহমেদ, সদস্য সচিব জাকারিয়া, মুখপাত্র লিটন কুমার বিশ্বাস, সদস্য আকতারা খাতুন ও প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।
সমাবেশে পরিষদের সভাপতি জোবায়ের আহমেদ জানান, ২০২০ সালের অক্টোবরে মাউশি মোট ৪ হাজার ৩২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর ২০২১ সালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই বছরের এপ্রিল-মে মাসে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। ইতোমধ্যে ২৮টি ক্যাটাগরির মধ্যে ২৪টি ক্যাটাগরির ৩ হাজার ৪২২টি পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নিয়োগপ্রাপ্তরা প্রায় তিন বছর ধরে কর্মরত আছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিন্তু একই বিজ্ঞপ্তির আওতাধীন ১০ম গ্রেডের চারটি ক্যাটাগরির—প্রদর্শক, গবেষণা সহকারী, ল্যাবরেটরি সহকারী এবং সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার—মোট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশিত হয়নি। মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ না হওয়ায় প্রায় ৭ হাজার ভাইভা প্রার্থী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন। দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রার্থীর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পার হয়ে গেছে অথবা পার হওয়ার ঝুঁকিতে রয়েছে, যার ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত সমাধানের জন্য তিনি প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।
মাউশির নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের সদস্য সচিব জাকারিয়া অবিলম্বে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে ৬১০ জনের চাকরি নিশ্চিত করার দাবি জানান, অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। পরিষদের মুখপাত্র লিটন কুমার বিশ্বাসও দীর্ঘদিনের এই জটিলতার দ্রুত অবসান চান।
আন্দোলন শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং মাউশির আঞ্চলিক পরিচালকের মাধ্যমে মাউশির মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক গোলাম মাজেদ বলেন, চাকরিপ্রার্থীরা তাদের দাবিগুলো লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং মহাপরিচালকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে।
চূড়ান্ত ফলাফল প্রত্যাশীদের দাবি, একই নিয়োগ বিজ্ঞপ্তির ৩ হাজার ৪২২টি পদের ফলাফল প্রকাশ ও নিয়োগ সম্পন্ন হলেও বাকি চার ক্যাটাগরির ৬১০টি পদের ফলাফল আটকে রেখে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তাঁরা দ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এই দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান চান।


