logo

সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে: ঢাবি উপাচার্য

সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে: ঢাবি উপাচার্য

সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের দ্বারা সমাজ ও মানুষ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়- সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

সোমবার (২৭ এপ্রিল) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শিক্ষার সমান সুযোগ রয়েছে। সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দক্ষতা অর্জন ও যুগোপযোগী গ্র্যাজুয়েট হিসেবে প্রস্তুত হতে হবে।  

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে সহ-শিক্ষামূলক কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সামাজিকবিজ্ঞান অনুষদ এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।