শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ার পর কার্যালয়ে এলেন ডুয়েট উপাচার্য

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক মোহাম্মদ ইকবাল কর্মস্থলে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তাকে ক্যাম্পাসে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
দুপুর আড়াইটার দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। ক্যাম্পাসে আসার পর আন্দোলনরত শিক্ষার্থীদের বন্ধ করে দেওয়া প্রধান ফটক খুলে দেন কর্মচারীরা।
এর আগে শহরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে সভা করেন তিনি।
অফিসে যোগ দিয়ে তিনি কনফারেন্স রুমে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় তিনি ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ সুরক্ষায় সবার আন্তরিক সহায়তা কামনা করেন।
গত আট দিন আগে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ডুয়েটের ভিসি নিয়োগ দেয় সরকার।
নিয়োগ বাতিলের দাবিতে গত আট দিন ধরে ব্লকেড ডুয়েট ও কমপ্লিট শাটডাউনসহ নানামুখী কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা ঈদের ছুটিতে ক্যাম্পাস ছাড়ায় উপাচার্য বাধার সম্মুখীন হননি।
নিজ কার্যালয়ে যোগদান শেষ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, তিনি ক্যাম্পাসকে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে উন্নীত করতে চান। সরকার যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তাকে নিয়োগ দিয়েছে সেই দায়িত্ব সবার সহযোগিতা নিয়ে সুচারুভাবে পালন করতে চান।
