এশিয়ান ইউনিভার্সিটির সঙ্গে সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা এবং উচ্চশিক্ষার মানকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যেতে এক অনন্য মাইলফলক স্পর্শ করল বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এবং সোমালিয়ার শীর্ষস্থানীয় দারুসসালাম ইউনিভার্সিটি (ডিএসইউ)। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকার দেশ দুটির মধ্যে শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করল।
রাজধানীর উত্তরায় এশিয়ান ইউনিভার্সিটির আয়েশা অডিটোরিয়ামে এই চুক্তি সম্পন্ন হয়। এশিয়ান ইউনিভার্সিটির পক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসেন ভূঁইয়া এবং দারুসসালাম ইউনিভার্সিটির পক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মো. সাদেক। বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসেন ভূঁইয়া, সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. সায়েদা আক্তার বেগম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক, রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী, প্রক্টর এম এ মতিনসহ উভয় বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষকরা।
এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের উচ্চশিক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে অপরের ক্যাম্পাসে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। সমসাময়িক বৈশ্বিক ইস্যুতে দুই দেশের গবেষকরা একত্রে কাজ করার সুযোগ পাবেন।
এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকায়ন ও জ্ঞানভিত্তিক কর্মশালা পরিচালনা এবং শিক্ষা বিনিময়ের মাধ্যমে দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধন সুদৃঢ় করার সুযোগ পাবে দুই বিশ্ববিদ্যালয়।