logo

মাউশির নাম-লোগো ও পরিচয় ব্যবহার নিয়ে জরুরি সতর্কতা জারি

বাসস
মাউশির নাম-লোগো ও পরিচয় ব্যবহার নিয়ে জরুরি সতর্কতা জারি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে। এসব পেজ ও গ্রুপ আগামী সাত দিনের মধ্যে বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৪ অক্টোবর) মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি, লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব প্ল্যাটফর্মে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করা হচ্ছে।

এতে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মাউশি জানিয়েছে, ‘Directorate of Secondary and Higher Education - DSHE’ নামে তাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। এর বাইরে মাউশির নামে পরিচালিত অন্য কোনো ফেসবুক পেজ বা গ্রুপ অনুমোদিত নয়।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে মাউশির নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহারকারী ভুয়া পেজ ও গ্রুপের সব কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় কোনো অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।