logo

প্রধান শিক্ষক হতে ৫৩ হাজার আবেদন

প্রধান শিক্ষক হতে ৫৩ হাজার আবেদন

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের শূন্য পদে ব্যাপক সাড়া মিলেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১১ হাজার ১৫১টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর বিপরীতে মোট ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এনটিআরসিএ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, আগামী ১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে মোট ১১ হাজার ১৫১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৩১টি আবেদন এসেছে।

গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশের পর এই আবেদনগুলো জমা পড়ে। মোট আবেদনকারীদের মধ্যে পুরুষ প্রার্থী ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী প্রার্থী ৫ হাজার ৭১৮ জন।

চেয়ারম্যান আরও বলেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে, তবে বয়সের কোনো সীমা নেই। এ সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নীতিমালার ভিত্তিতেই নেওয়া হয়েছে।

শূন্য পদের সংখ্যা নিয়ে তিনি বলেন, এটি সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। বর্তমানে প্রায় ১১ হাজার পদের তথ্য পাওয়া গেছে, যা প্রায় ৯৫ শতাংশ নির্ভুল। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে প্রার্থীদের পছন্দক্রম নেওয়ার সময়।

নিয়োগে অনিয়ম প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, এমসিকিউ পদ্ধতি চালুর ফলে খাতা মূল্যায়নের জটিলতা নেই এবং অনিয়মের সুযোগ প্রায় শূন্যে নেমে এসেছে। প্রশ্ন প্রণয়ন ও মডারেশন প্রক্রিয়াও সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরও জানান, পরীক্ষা গ্রহণের পরবর্তী কার্যক্রম ইতোমধ্যে সক্রিয়ভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা দূর করতে প্রতিবছর দুই দফায় নিয়োগ কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি।