হুমায়ূন আহমেদের গড়া বিদ্যালয়ে শতভাগ পাস

নেত্রকোনার কেন্দুয়ায় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি এশিয়া পোস্টকে বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলে আমাদের বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করেছে। এ বছর ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৮ জন জিপিএ-৫ পেয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে জানান তিনি। এ অর্জনে বিদ্যালয়ের সবাই আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও শিক্ষার্থীরা জ্ঞান, মেধা ও নৈতিকতায় নিজেদের সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে আশা রাখি।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রাফিয়া আক্তার নিশাত এশিয়া পোস্টকে বলেন, আমাদের পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার কারণেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই।
আরেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রাহিমুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমরা খুবই আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে আমাদের বাবা-মা ও এলাকার মুখ উজ্জ্বল করতে চাই।
বিদ্যালয়টির অবস্থান কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার নিজ এলাকার শিক্ষার প্রসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এবারের এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক থেকে কেন্দুয়া উপজেলার শীর্ষ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ।
এরপরের অবস্থানে থাকা চিরাং ইউনিয়নের সাজিউড়া উচ্চবিদ্যালয়ের পাসের হার ৯৩ শতাংশ। পৌর সদরের একমাত্র সরকারি বিদ্যালয় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের পাসের হার ৭৮ দশমিক ৯১ শতাংশ। গন্ডা ইউনিয়নের গন্ডা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের পাসের হার ৭১ দশমিক ৫৭ শতাংশ এবং পৌর সদরের সাবেরুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের পাসের হার ৬৬ দশমিক ৫৫ শতাংশ।
.png)

