এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের জন্য বদলির আবেদন আহ্বান

এবার বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলির সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। স্বয়ংক্রিয় সফটওয়্যার পূর্ণাঙ্গভাবে চালু হতে বিলম্ব হওয়ায় শিক্ষকদের ভোগান্তি নিরসনে আপাতত ম্যানুয়াল বা হার্ডকপিতে বদলির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে শূন্য পদের বিপরীতে এই আবেদনগুলো যাচাই-বাছাই করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. রাহাত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবার এবং নিজ জেলা থেকে দূরে থাকায় এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্ন মনোদৈহিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা সমাধানে এবং সুষম বদলি ব্যবস্থা নিশ্চিতকরণে গত ২ জুন তারিখে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করা হয়। নীতিমালা অনুযায়ী সারা দেশে স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পন্ন করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রস্তুতের কাজ চলমান রয়েছে।
তবে সফটওয়্যারটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় অনলাইনে বদলি কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে। এ অবস্থায় জনস্বার্থে এবং শিক্ষকদের ভোগান্তি কমাতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শূন্য পদের বিপরীতে আবেদনকারীদের কাছ থেকে হার্ডকপি আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই করবে। এরপর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চূড়ান্ত অনুমোদনক্রমে এই বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।
‘বদলি নীতিমালা-২০২৬’ এর বিধি ৩.১৯ মোতাবেক এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কার্যকর থাকবে এবং আগামী ১৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমের অনলাইন আবেদন আগামী ২১ আগস্ট (শুক্রবার) থেকে শুরুর কথা জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।



