চবিতে নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে চলন্ত বাসে যৌন হয়রানি অভিযোগ উঠেছে। অভিযুক্ত যাত্রীকে পুলিশে দেওয়া হয়েছে। অভিযুক্ত যাত্রী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের মোহাম্মদ জসিম।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পক্ষ থেকে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে আইনি সহায়তা ও মানসিক সাপোর্ট দেওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট থেকে ফটিকছড়িগামী একটি লোকাল বাসে উঠেন এই নারী শিক্ষার্থী। বাসটি হাটহাজারী ও ফটিকছড়ির মধ্যবর্তী হাইওয়েতে পৌঁছালে চলন্ত বাসে এ ঘটনা ঘটে। চবির এই নারী শিক্ষার্থী বাসে উঠার পরে পিছনে সিটে বসা অভিযুক্ত যাত্রী জানালা দিয়ে সিগারেট ফেলতে গিয়ে ভুক্তভোগী নারী শিক্ষার্থীর গায়ে অযাচিতভাবে স্পর্শ করলে তিনি প্রতিবাদ করেন। এসময় তিনি নারী শিক্ষার্থীর দাবি অস্বীকার করে তার সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাস থেকে নেমে যান।
পরে বাসটি ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর উদ্দেশ্যে থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় সেখানে গিয়ে হাজির হন এবং বাসে উঠে তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। ভুক্তভোগীর অভিযোগ, তিনি তার চুল ধরে টেনে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। পরে বাসে থাকা অন্য যাত্রীদের সহায়তায় অভিযুক্ত নামিয়ে দেওয়া হয়। পরে ভুক্তভোগী নারী শিক্ষার্থী, বাস চালক ও সহকারীর সহায়তায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট থেকে তিনি বাসে উঠলে পিছনের সিটে বসা অভিযুক্ত যাত্রী বাসের জানালা দিয়ে সিগারেট ফেলার অজুহাতে তার শরীর স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত যাত্রী তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর ফটিছড়িতে পৌঁছালে ঐ যাত্রী ফের বাসে উঠে তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।
জানতে চাইলে চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। চাকসুর পক্ষ থেকে ফটিকছড়ি থানার ওসি ও সার্কেল ওসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে ইতোমধ্যে চাকসুর পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। আমরা তার সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাকে মানসিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি।
এ ঘটনায় ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, অভিযুক্ত যাত্রীকে আমরা গ্রেপ্তার করে হাজতে রেখেছি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের পক্ষ থেকে পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
.png)






