আরও এক জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার কক্সবাজার জেলায়ও বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এদিন চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ও বান্দরবান জেলাসহ অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা যথারীতি চলবে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। পরে আরেকটি বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সূচি পরে জানানো হবে।
এদিন অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে বলে পরীক্ষা শুরুর আগের দিন জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।





