পুরোনো নামে ফিরছে ‘বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়’

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ‘বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়’ আবারও আগের নামে ফিরে যাচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে নিজের নামে করেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সম্প্রতি বিদ্যালয়টির নাম পরিবর্তনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাবটি আমলে নিয়ে প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করে মতামতসহ প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয়টি আগের ‘ছাত্তার জুট মিলস্ মডেল স্কুল’ নামে ফিরে যাচ্ছে।
গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালে নিজের ও পরিবারের সদস্যদের নামে রাজধানীসহ বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করেছিলেন তিনি।
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পুরোনো মগবাজার গার্লস হাইস্কুলের নামও পরিবর্তন করা হয়েছিল তার সময়ে। বিদ্যালয়টির নতুন নাম রাখা হয় তার মায়ের নামে ‘গাজী শামসুন নেসা গার্লস হাইস্কুল’।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয় ছাড়াও আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে।
এর মধ্যে বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ’ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ’ করার প্রস্তাব এসেছে।
এই দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড ও জেলা প্রশাসককে মতামত দিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবের ক্ষেত্রেও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা ও প্রস্তাবিত নামের বিষয়ে মতামত নেওয়া হচ্ছে।
