আহত শিক্ষার্থীদের দেখতে যাননি ঢাবি ভিসি, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় প্রায় ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা ৩০মিনিটে মগবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহত শিক্ষার্থীরা আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু বিশ্বিবিদ্যালয় প্রশাসনের কেউ আহত শিক্ষার্থীদের দেখতে যাননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অমর একুশে হলের সাধারণ সম্পাদক (জিএস) মো. রবিউল ইসলাম বলেন, ‘এত বড় একটি দুর্ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকা গভীরভাবে হতাশাজনক। ভিসি, প্রোভিসি ও প্রক্টর স্যারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমন সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহযোগিতা করা। কিন্তু শিক্ষার্থীদের পাশে তাদের পাওয়া যায়নি।’
ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘প্রশাসন ঘুমাচ্ছে। তাদের ঘুম ভাঙাবেন না, প্লিজ।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।