পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান। এ আয়োজনে প্রতিষ্ঠানের পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) এবং প্রফেশনাল ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী গ্র্যাজুয়েটদের অর্জন, অধ্যবসায় ও সাফল্য উদযাপন করা হয়।
গত শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিত এ সমাবর্তনে গ্র্যাজুয়েটদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি এবং পেশাগত জীবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ; বিশিষ্ট সংগীতশিল্পী ও কণ্ঠশিল্পী দিথী আনোয়ার; পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের পরিচালক নাফিসা নশিন; পিজিডি অ্যাডভাইজার ও সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান; নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান কাজী মাহমুদুল হক; মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আজমান আলী এবং প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। এ ছাড়াও অনুষ্ঠানে পিপলএনটেকের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষা একটি জীবনব্যাপী যাত্রা, যা কখনো থেমে থাকে না। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও প্রতিনিয়ত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তি প্রতিটি শিল্পখাতকে দ্রুত রূপান্তরিত করছে। এই পরিবর্তনশীল বিশ্বে নিজেদের প্রস্তুত রাখতে হলে ধারাবাহিকভাবে শিখতে হবে, দক্ষতা বাড়াতে হবে এবং নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। কারণ, ভবিষ্যতের সাফল্য নির্ভর করবে আমাদের শেখার আগ্রহ ও পরিবর্তনের সঙ্গে এগিয়ে যাওয়ার সক্ষমতার ওপর।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অর্জন, দক্ষতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে মানসম্মত ও দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন। সঠিক দিকনির্দেশনা, নিরলস পরিশ্রম, অধ্যবসায় এবং শেখার প্রতি আগ্রহ একজন শিক্ষার্থীকে পেশাগত জীবনে এগিয়ে যেতে সহায়তা করে।
পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটি দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ ও উচ্চতর ডিপ্লোমা প্রোগ্রাম পরিচালনা করে আসছে। সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি।
সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে শুধু সনদ বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়া, ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এবং দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তারা নিজেদের পেশাগত জীবনে সফলতা অর্জন করবেন এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
গ্র্যাজুয়েটদের এই সাফল্য উদ্যাপনের মধ্য দিয়ে পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটি দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়ন এবং নতুন প্রজন্মের জন্য সম্ভাবনাময় কর্মজীবন গড়ার লক্ষ্যে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।