logo

রাবির মন্নুজান হলের ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

রাবির মন্নুজান হলের ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল সংসদ ও হল প্রাধ্যক্ষের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হলের গেস্টরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ২২ শিক্ষার্থীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

এই উদ্যোগের মাধ্যমে উপকৃত শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে অনেকটা সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হল সংসদের এ ধরনের কার্যক্রমকে মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে মুন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, মন্নুজান হল সংসদ এবং প্রাধ্যক্ষর আন্তরিক উদ্যোগে হলের ২২ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, বরং মন্নুজান হলের শিক্ষার্থীদের স্বপ্নপথে এগিয়ে যাওয়ার জন্য সাহস, প্রেরণা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এক উজ্জ্বল আলোকবর্তিকা।

তিনি বলেন, এ ধরনের মানবিক ও শিক্ষার্থী কল্যাণমুখী কার্যক্রম আগামীতেও মন্নুজান হল সংসদ ও হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সর্বদা অব্যাহত থাকবে। 

মন্নুজান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোছা. আশীয়ারা খাতুন বলেন, আজ মন্নুজান হলের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ২২ শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে মন্নুজান হল সংসদ আমার সঙ্গে সবসময় এই ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উন্নয়ন ও কল্যাণে আমরা সর্বদা সচেষ্ট থাকব।