logo
Advertisement

অবসরপ্রাপ্ত শিক্ষকদের অনুরোধ জানাল অবসর সুবিধা বোর্ড

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
অবসরপ্রাপ্ত শিক্ষকদের অনুরোধ জানাল অবসর সুবিধা বোর্ড
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। ছবি: ঢাকা পোস্ট থেকে নেওয়া

সারা দেশের এমপিওভুক্ত যেসব শিক্ষক-কর্মচারী অবসরে গিয়েছেন, কিন্তু এখনও অবসর-সুবিধা পাননি, তাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।

Advertisement

প্রত্যন্ত অঞ্চলের এসব শিক্ষক-কর্মচারী সশরীরে না এসে ডাকযোগে, কুরিয়ার অথবা ই-মেইলের মাধ্যমে এসব কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতারক চক্রের খপ্পরে না পড়তেও সতর্ক করেছে বোর্ড।

রোববার (৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ আগস্ট থেকে পাঠানো অবসর-সুবিধা ভাতার আবেদনকারীদের মধ্যে যারা এখনও অবসর-সুবিধা ভাতা পাননি, কেবল তাদেরই প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের সশরীরে বোর্ডে আসার প্রয়োজন নেই। ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা ই-মেইলের মাধ্যমে এসব কাগজপত্র পাঠানো যাবে বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া আবেদনকারীদের আবেদনের রসিদের কপি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, এনআইডি নম্বরে নিবন্ধিত মোবাইল নম্বর এবং হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে বলেছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকযোগে বা কুরিয়ারে কাগজপত্র পাঠাতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ঠিকানায়। পাশাপাশি শাখাভিত্তিক ই-মেইলেও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো যাবে।

এর মধ্যে স্কুল শাখার জন্য school.terbb@gmail.com, কলেজ ও কারিগরি শাখার জন্য college.terbb@gmail.com এবং মাদ্রাসা শাখার জন্য madrasha.terbb@gmail.com ঠিকানায় কাগজপত্র পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত ব্যাংক হিসাবে আইবাস++ অথবা ইএফটির মাধ্যমে অবসর সুবিধার অর্থ পৌঁছে যাবে। এ জন্য কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।

এ ছাড়া অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইটে অবসর সুবিধা-সংক্রান্ত বিভিন্ন নোটিশ ও অনলাইন আবেদনসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টদের এসব তথ্য বোর্ডের নির্ধারিত মাধ্যম থেকে যাচাই করার পরামর্শ দিয়েছে অসবর সুবিধা বোর্ড।