logo

রাবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

রাবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন
রাবি: এশিয়া পোস্ট

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার (১১ মে) যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় প্রেসক্লাবের সহসভাপতি আশিকুল ইসলাম ধ্রুব বলেন, ‘এশিয়া পোস্টের পথচলা সফল ও ইতিবাচক হবে বলে আমরা বিশ্বাস করি। পলাশ মাহমুদ ভাইয়ের নেতৃত্বে গণমাধ্যমটি দ্রুত এগিয়ে যাবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিশেষ করে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এশিয়া পোস্টের মাধ্যমে বাস্তবধর্মী অনেক কিছু শেখার সুযোগ পাবে, যা তাদের পাঠ্যক্রম ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘পলাশ মাহমুদের হাত ধরে এশিয়া পোস্ট অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী। সাংবাদিকদের প্রতি মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তিনি তা দূর করতে সক্ষম হবেন বলেও আশা করি।’ এ জন্য তিনি পলাশ মাহমুদ ও এশিয়া পোস্ট পরিবারের প্রতি শুভকামনা জানান।

তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার যেমন কিছু নেতিবাচক দিক রয়েছে, তেমনি এর অনেক ইতিবাচক ভূমিকাও আছে। জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা তার অন্যতম উদাহরণ। সমাজের নানা সমস্যা ও অসংগতি গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমেই অনেক সময় সমাধানের পথ তৈরি হয়। তাই দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনমনের প্রত্যাশা পূরণে এশিয়া পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্নীতি, অসংগতি ও বিভিন্ন সমস্যাকে সাহসিকতার সঙ্গে তুলে ধরে সামনের দিকে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, ‘মিডিয়ার ওপর মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল, যে কারণে মানুষ অনেকটা সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর হয়ে পড়ে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় ঝুঁকি হলো এখানে প্রচুর পরিমাণে মিসইনফরমেশন থাকে, যা যাচাইয়ের সুযোগ থাকে না। এ কারণে সমাজে এক ধরনের তথ্য বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই মূলধারার গণমাধ্যমগুলোর দায়িত্ব মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি আশা করি, এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সেই আস্থার জায়গাটি ধরে রাখবে। তাদের এই যাত্রা শুভ হোক।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জিসান, কোষাধ্যক্ষ মিরাজ আফ্রিদি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ছালেহ শোয়েবসহ অন্যান্যরা।