logo

প্রতিষ্ঠার ১৭ বছরেও বেরোবিতে নেই আইন ও কৃষি অনুষদ

প্রতিষ্ঠার ১৭ বছরেও বেরোবিতে নেই আইন ও কৃষি অনুষদ

উত্তর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে ২০০৮ সালে যাত্রা শুরু করা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। প্রতিষ্ঠার ১৭ বছর পেরলেও বিশ্ববিদ্যালয়টিতে এখনো চালু হয়নি আইন ও কৃষি অনুষদের মতো গুরুত্বপূর্ণ মৌলিক অনুষদ। দীর্ঘদিন ধরে দাবি উঠলেও আইন বিভাগ না থাকায় আইন শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য যেতে হচ্ছে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের মতো দূরবর্তী শহরে।

শিক্ষার্থীদের মতে, আইন শিক্ষা কেবল একটি একাডেমিক বিষয় নয়; এটি বিচারব্যবস্থা, মানবাধিকার, সুশাসন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ উত্তরাঞ্চলের বৃহৎ একটি জনগোষ্ঠীর জন্য এই শিক্ষার সুযোগ এখনো বঞ্চিত। একইভাবে কৃষিনির্ভর অঞ্চল হওয়া সত্ত্বেও কৃষি অনুষদ না থাকায় স্থানীয় কৃষি সমস্যা নিয়ে গবেষণা, আধুনিক কৃষিশিক্ষা ও কৃষিভিত্তিক উদ্ভাবনের সুযোগও পাওয়া যাচ্ছে না। 

বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২২টি বিভাগ চালু রয়েছে। অনুষদগুলো হলো- কলা, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, জীব ও ভূবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদ। 

এসব অনুষদের অধীনে বাংলা, ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোকপ্রশাসন, গণিত, রসায়ন, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে পাঠদান করানো হয়।

তবে দীর্ঘ সময় পার হলেও এখনো যেসব গুরুত্বপূর্ণ অনুষদ চালু হয়নি, তার মধ্যে রয়েছে আইন অনুষদ, কৃষি অনুষদ, ফার্মেসি অনুষদ, চারুকলা অনুষদ, শিক্ষা অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ। সংশ্লিষ্টদের মতে, এসব অনুষদ চালু না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বৈচিত্র্য ও গবেষণার পরিধি কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না।

শুধু বেরোবি নয়, উত্তরাঞ্চলের আরেকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও আইন অনুষদ নেই। ফলে পুরো উত্তরাঞ্চলেই আইন শিক্ষার ক্ষেত্রে একটি কাঠামোগত ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে।

শিক্ষার্থীরা জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পার হলেও এখনো আইন ও কৃষি অনুষদ চালু হয়নি। আইন অনুষদ না থাকায় রংপুর অঞ্চলের শিক্ষার্থীরা ন্যায়বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে কৃষিনির্ভর অঞ্চল হওয়া সত্ত্বেও বেরোবিতে কৃষি অনুষদ না থাকায় স্থানীয় কৃষি সমস্যা নিয়ে গবেষণা, আধুনিক কৃষিশিক্ষা ও কৃষিভিত্তিক উদ্ভাবনের সুযোগ সীমিত হয়ে পড়েছে।

তাদের মতে, উত্তরাঞ্চল কৃষিনির্ভর অঞ্চল হওয়ায় কৃষি অনুষদ চালু হলে স্থানীয় কৃষি সমস্যা সমাধান, আধুনিক চাষাবাদ ও গবেষণার নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আদালত থাকায় আইন অনুষদও অত্যন্ত প্রয়োজন। আইন ও কৃষি অনুষদ চালু হলে বেরোবি শিক্ষা, গবেষণা ও আঞ্চলিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

শিক্ষাবিদরা মনে করছেন, একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়ে উঠতে হলে অবশ্যই আইন ও কৃষি অনুষদ থাকা দরকার।  দ্রুত জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় অনুমোদনের মাধ্যমে এসব অনুষদ চালু করা হলে তা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো উত্তরবঙ্গের বিচারিক, কৃষি ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক এশিয়া পোস্টকে  বলেন, বেরোবিতে অবশ্যই যুগোপযোগী বিভাগ গুলো দরকার। যেমন আইন, কৃষি, চারুকলা ইত্যাদি অনুষদ থাকা প্রয়োজন। পাশাপাশি যে অনুষদ গুলো আছে সেখানে পর্যাপ্ত শিক্ষক, ক্লাস রুম, গবেষণা সুবিধা ইত্যাদি নিশ্চিত করা দরকার। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এশিয়া পোস্টকে বলেন, আইন ও কৃষি অনুষদ একাডেমিক মাস্টার প্ল্যানে রয়েছে। এ অনুষদগুলোকে আমরা গুরুত্বসহকারে দেখছি।