ঢাবির ফলাফল প্রকাশ সংক্রান্ত ওয়েবসাইট হ্যাক হওয়ার খবরটি অসত্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলাফল প্রকাশ সংক্রান্ত ওয়েবসাইট সম্প্রতি ম্যালওয়্যার আক্রান্ত (হ্যাক) হওয়ার বিষয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদসমূহ অসত্য বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) জনসংযোগ দপ্তর হতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইট হ্যাক হওয়ার মতো কোনো ঘটনা সম্প্রতি ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ওয়েবসাইট সম্পূর্ণ নিরাপদ আছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল ম্যানিপুলেশনের কারণে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকের সঙ্গে একটি অযাচিত সাইটের তথ্য প্রদর্শিত হয়েছিল। বিষয়টি ইতোমধ্যে গুগলকে রিপোর্ট করা হয়েছে এবং গুগল কর্তৃপক্ষ সার্চ রেজাল্ট থেকে সেটি মুছে দিয়েছে। এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ওয়েবসাইটের কোনো ধরনের সম্পর্ক নেই।