এনটিআরসিএতেই থাকছে শিক্ষক নিয়োগ, পরীক্ষা হবে ৩ ধাপে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতেই রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রিলিমিনারির পর সরাসরি মৌখিক পরীক্ষা না নিয়ে লিখিত পরীক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
এনটিআরসিএর শিক্ষক নিয়োগের সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারি এবং নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুমোদন নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে নেওয়ার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। ধাপগুলো হলো— প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা। এ বিষয়ে সংশোধিত অনুসরণীয় পদ্ধতির পরিপত্র জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিপত্র জারির আগে এটি অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনার পথ তৈরি হবে।
এ ছাড়া নিয়োগ পরীক্ষার সিলেবাস নিয়েও সভায় আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরিবর্তন এনে সংশোধিত সিলেবাসের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
নতুন পদ্ধতি কার্যকর হলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।



