এসএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে। ওই দিন সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র আরও জানায়, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। যারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে, তাদেরও আবেদন করতে হবে। তবে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের পুনরায় আবেদনের সময় দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হওয়ার কথা।
এ সময়সূচি উল্লেখ করে তারা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাপাঠানো হয়েছে। আজকের মধ্যেই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে।
এ বছর ফল পুনর্নিরীক্ষণের জন্য চার লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেছে। আবেদনের মধ্যে তত্ত্বীয় (লিখিত) বিষয়ে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক বিষয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি। একজন শিক্ষার্থী গড়ে তিনটি বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।
বোর্ড-ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় বিষয়ে ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক বিষয়ে ৫৮ হাজার ১২টি—মোট ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি আবেদন পড়েছে।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ৬১১টি, রাজশাহী বোর্ডে ১ লাখ ২২ হাজার ২২৮, যশোর বোর্ডে ৯১ হাজার ৫৯, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৭ হাজার ৬০১, বরিশাল বোর্ডে ৬১ হাজার ৮৬, সিলেট বোর্ডে ৬০ হাজার ৯৭৪, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১১ হাজার ২৬০ ও ময়মনসিংহ বোর্ডে ৮৭ হাজার ১৫৭টি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৫৯টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫১ হাজার ২১৪টি আবেদন জমা পড়েছে।



